ধরুন নতুন একটা স্মার্টফোন আপনি কিনলেন, স্পেক অনুযায়ী যাতে চিপসেট থাকার কথা Helio G70, কিন্তু CPU-Z, Device Info বা এরকম কোন একটি অ্যাপ থেকে চেক করে দেখলেন এখানে Helio P23 দেয়া হয়েছে, তাহলে আপনার ঠিক কেমন লাগবে? একইভাবে যদি দেখেন আপনার চিপসেটটি Helio G35-এর পরিবর্তে Helio P35, তাহলেও অনুভূতিটা কেমন হবে?
যদি আপনি এই তথ্যটি বিশ্বাস করে নেন, তবে অনুভূতি খুব সুখকর হওয়ার কথা নয়, কেননা আপনি দেখছেন আপনি প্রতারিত হয়েছেন এবং যে পারফর্মেন্সের আশা নিয়ে আপনি স্মার্টফোনটি কিনেছিলেন সেটিও হয়ত পাবেন না। কিন্তু, আসলেই কি কোম্পানি আপনাকে প্রতারিত করছে?
উত্তর হলো, না। তৃতীয় পক্ষের কোন অ্যাপের তথ্য থেকে আসলে সন্দিগ্ধ হওয়ার প্রয়োজন নেই, কেননা এই অ্যাপগুলো সবসময় চিপসেট সম্পর্কে সঠিক তথ্য দিতে পারে না। এটা কয়েকটা কারণে হতে পারে, যেমন আপনার স্মার্টফোনে যে চিপসেটটি ব্যবহার করা হয়েছে সেটা হয়ত নতুন, তাই অ্যাপটির ডেটাবেজে অন্তর্ভুক্ত হয়নি, তাই ক্লকস্পিড বা অন্যান্য দিকে মিলে যাচ্ছে এমন কোন একটা চিপসেট প্রদর্শন করেছে। আরেকটা ব্যাপারও হয়, দুটো চিপসেটের মধ্যে হয়ত খুব বেশি মিল, তাই সঠিকভাবে অ্যাপটি পার্থক্য করতে পারছে না।
চিপসেট বা SoC নিয়ে আরো জানতে চান? দেখুন: স্মার্টফোন চিপসেট, SoC (এসওসি): যা আপনার জানা দরকার আছে কিংবা নেই!
উদাহরণস্বরূপ realme C3 নিয়ে এখানে একজন ইউজার অভিযোগ করেছেন যে এখানে Helio P23 দেয়া হয়েছে। AnTuTu বেঞ্চমার্কে স্কোর ২ লাখের কাছাকাছি দেখালেও CPU মডেল দেখাচ্ছে MT6763V/CE। এর প্রত্যুত্তরে একজন Device Info HW থেকে স্ক্রিনশট দিয়েছেন, যেখানে দেখা যাচ্ছে SoC P23, CPU MT6763V/CE, Platform MT6768।
এখানে বেশ কয়েকটা মজার ব্যাপার আছে। MT6763 হলো Helio P23 এটা ঠিক, কিন্তু এটার AnTuTu স্কোর আসলে ১ লাখের মত, ২ লাখের কাছাকাছি কখনোই না। কিন্তু Platform MT6768 যেটা দেখা যাচ্ছে, এটা কিন্তু G70 বা P23 কোনটাই না, এটা হলো P65। G70 এর CPU MT6769।
ব্যাপারটা হলো, realme C3 Helio G70 দিয়ে আসা প্রথম স্মার্টফোন এবং খুব সম্ভবত একারণে এটা অ্যাপগুলোর ডেটাবেজে তখন অবধি ছিলো না। কিন্তু এই Helio G70 আসলে ঠিক নতুন কোন চিপসেট না, এটা হলো Helio P65-এর নতুন মোড়ক, মানে আগে P সিরিজ থেকে আনতো, পরে G সিরিজে এনেছে আরকি। অবশ্য P23 দেখানোটা একটু অদ্ভুত-ই, কেননা G70-র সাথে এর তফাৎ বিস্তর।
যাইহোক, পরবর্তী আপডেটে এটা কিন্তু ফিক্স হয়, যেটা অন্য একজন পরে সেখানে স্ক্রিনশটসহ শেয়ার করেন।

বর্তমানে Helio P35 (MT6765) এবং G35 (MT6765G) নিয়ে কনফিউশনটি ফেসবুকে অনেকসময়ই চোখে পড়ে। আমার Symphony Z40-তেও আসলে Helio G35 দেয়া হয়েছে, কিন্তু CPU-Z এ এটা P35 হিসেবে ডিটেক্ট করে। আসলে P35 আর G35 একদমই সেম, মিডিয়াটেক শুধু হাইপার ইঞ্জিন নামে একটা প্রযুক্তির অন্তর্ভুক্ত করার কথা বলেছে। অফিসিয়াল স্পেক দিয়ে দিচ্ছি, মিলিয়ে নিন: 🙂

P35 
G35
এরপর একটি প্রশ্ন করতে পারেন, যদি সেমও হয়, কোম্পানি P35 দিয়ে G35 বলাটা কি অপরাধ নয়? আসলে কোম্পানি একটা দিয়ে অন্যটা বলছে বিষয়টা এরকম না (আশা করছি), আপনি যে অ্যাপ দিয়ে চেক করছেন, খুব সম্ভবত সেটিই মূলত পার্থক্য করতে পারছে না।
আরেকটা মজার ব্যাপার হলো Device Info HW দিয়ে যখন আমি চেক করছি, তারা কিন্তু সঠিকভাবেই এটা G35 হিসেবে ডিটেক্ট করছে। এই অ্যাপটি সাধারণভাবে CPU-Z থেকে অনেক একুরেট তথ্য প্রদান করে থাকে। একইভাবে DevCheck অ্যাপটিও G35 ডিটেক্ট করতে পেরেছে।









